ওয়ান্ডার ওম্যান-খ্যাত গল গ্যাডটের নতুন ছবির স্বত্ব কিনে নিল নেটফ্লিক্স। এসপিওনাজ থ্রিলার ‘হার্ট অব স্টোন’ নির্মাণ করছে স্কাইড্যান্স মিডিয়া। তাদের কাছ থেকে বিশ্বব্যাপী প্রদর্শনের স্বত্ব নিয়েছে স্ট্রিমিং জায়ান্টটি।
একই ধরনের খবর নিয়ে কয়েক দিন আগেই শিরোনামে আসে স্কাইড্যান্স। তখন বলা হয়, তাদের কাছ থেকে ২০ কোটি ডলারে সায়েন্স-ফিকশন ‘দ্য টুমরো ওয়ার’-এর স্বত্ব কিনেছে আমাজন স্টুডিও। অবশ্য টাকার অঙ্ক নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট।
তবে দুই ছবির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ‘দ্য টুমরো ওয়ার’ পুরোপুরি নির্মাণ হয়ে গেছে, অন্যদিকে ‘হার্ট অব স্টোন’ এখনো নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বলা হচ্ছে, অনেক জেমস বন্ডের নারী সংস্করণ হতে চলেছে ‘হার্ট অব স্টোন’। দ্য অ্যারোনাটস ও ওয়াইল্ড রোজ-খ্যাত টম হারপার ছবিটি পরিচালনা করছেন। তবে বিস্তারিত বিবরণ এখনো গোপন রাখা হয়েছে।
করোনা সত্ত্বেও বিক্রি-বাট্টায় বেশ সরব ছিল স্কাইড্যান্স। এর আগে তারা অ্যাপলের কাছে বিক্রি করে অ্যানিমেটেড ছবি লাক ও স্পেলবাউন্ড। এ উদ্যোগ থেকে বোঝা যায়, দর্শকদের হলে যাওয়ার অভ্যাসে ভাগ বসানোর আশঙ্কা সত্ত্বেও হলিউডের স্টুডিও ও প্রযোজনা সংস্থার জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলো ত্রাতার মতো আবির্ভূত হয়েছে। নইলে করোনার বাজারে তাদের বসে থাকা ছাড়া উপায় ছিল না।
এর আগে নেটফ্লিক্স ও স্কাইড্যান্স মিলে দ্য ওল্ড গার্ড, সিক্স আন্ডারগ্রাউন্ডের মতো ছবিতে অংশীদার হয়। তাদের আপকামিং আরেকটি ছবি হলো ‘দ্য অ্যাডাম প্রজেক্ট’।
এ দিকে গল গ্যাডট সম্প্রতি শেষ করেছেন নেটফ্লিক্সের ছবি ‘রেড নোটিশ’। তার সঙ্গে আছেন রায়ান রেনল্ডস ও ডাউনি জনসন। এ ছবি ইউনিভার্সেল স্টুডিও থেকে কিনে নিয়েছে নেটফ্লিক্স। অভিনেত্রী এর আগে শেষ করেছেন আগাথা ক্রিস্টির গল্প থেকে নির্মিত ‘দ্য ডেথ অন দ্য নাইল’। হাতে আছে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’।