নবনির্বাচিত জো বাইডেন শপথ গ্রহণের আগমুহূর্তে বুধবার সকালে হোয়াইট হাউস ছেড়ে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ‘হোম অ্যালোন টু: লস্ট ইন নিউইয়র্ক’ তাকে বাদ দেওয়ার আবদার তুলেছে শিশুতোষ ছবিটির ভক্তরা।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, এমন প্রস্তাবে ছবির তারকা ম্যাকোলে কুলকিনেরও সায় আছে।
এ সিনেমায় কেভিন ম্যাকআলিস্টার চরিত্রে অভিনয় করেন কুলকিন। নিউইয়র্কের প্লাজা হোটেলে কেভিন পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যায়। তখন হোটেলের লবির দিক নির্দেশনা চায় এক ব্যক্তির কাছে। কয়েক সেকেন্ডের জন্য হাজির হওয়া ওই চরিত্রে অভিনয় করেন ট্রাম্প।
অনলাইনে দৃশ্যটি থেকে ট্রাম্পকে বাদ দেওয়ার আবদার জুড়েছেন অনেকে। এমনকি নিজেরাই সম্পাদনা করে দৃশ্যটি প্রকাশ করেছেন। যার একটিতে ট্রাম্পকে অদৃশ্য দেখানো হয়। সম্পাদিত এ ভিডিও শেয়ার করে কুলকিন লেখেন, ‘ব্র্যাভো’। আরেক টুইটার ব্যবহারকারী ওই দৃশ্য থেকে ট্রাম্পকে বাদ দিয়ে ডিজিটালি ৪০ বছরের ম্যাকোলে কুলকিনকে বসানোর জন্য পিটিশনের দাবি তোলেন। উত্তরে অভিনেতা লেখেন, ‘সোল্ড’।
আরেকজন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে ওই দৃশ্যতে যোগ করার জন্য ডিজনির কাছে প্রস্তাব দিয়ে চেঞ্জ অর্গে পিটিশন দেন। এভাবে অদ্ভুত অদ্ভুত সব প্রস্তাব আসে।
অবশ্য ট্রাম্পকে ‘হোম অ্যালোন টু’ থেকে বাদ দেওয়ার দাবি এ প্রথম নয়। এমনকি ২০১৯ সালে সিবিসি-কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন ছবিটি প্রচারের সময় দৃশ্যটি বাদ দেয়। সিনেমাটি সূত্রে ট্রাম্পের নিজেকে ‘ওয়ান অব দ্য বিগেস্ট’ ক্রিসমাস হিটস দাবির পর এ ঘটনা ঘটে। যদিও চ্যানেল জানায়, তারা ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে ছবিটি কেনে ও ২০১৪ সালে সম্পাদনা করে ছবির মূল গল্পের সঙ্গে সম্পর্কিত নয় এমন দৃশ্য বাদ দেয়।
তবে ‘হোম অ্যালোন টু’র পরিচালক ক্রিস কলম্বাস ছবিতে ট্রাম্পের সংযুক্তি নিয়ে অদ্ভুত একটি তথ্য দেন। ওই সময় প্লাজা হোটেলের মালিক ছিলেন ট্রাম্প। তাদের লবিতে একটি দৃশ্য দরকার ছিল, কিন্তু দৃশ্যটির জন্য তারা সেট তৈরিতে ইচ্ছুক ছিলেন না।
তাই প্রযোজক টাকার বিনিময়ে হোটেলে শুটিংয়ের প্রস্তাব দেন ট্রাম্প। তিনি ‘হ্যাঁ’ বললেও একটি শর্ত জুড়ে দেন। “যদি আমাকে ছবিতে রাখা হয়, তবেই আপনি প্লাজা ব্যবহার করতে পারবেন”, ফলে এক রকম বাধ্য হয়ে পরিচালক ট্রাম্পকে ছবিতে রাখেন।
শুধু ‘হোম অ্যালোন টু’ নয়, আরও কিছু হলিউড ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে ছোটখাটো চরিত্রে দেখা গেছে।