পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১.         পরিবেশের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর :    পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।

২.         পরিবেশের উপাদানগুলো কী কী?

উত্তর :    পরিবেশের উপাদানগুলো হলো জীব উপাদান ও জড় উপাদান।

৩.         বেঁচে থাকার জন্য উদ্ভিদ কোন কোন জড় উপাদানের ওপর নির্ভর করে?

উত্তর :    বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড় উপাদানের ওপর নির্ভর করে।

            যেমন  মাটি, পানি, বায়ু, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি।

৪.         উদ্ভিদের বীজ সৃষ্টি হয় কীভাবে?

উত্তর :    পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।

৫.         উদ্ভিদের পরাগায়নে সাহায্যকারী নিয়ামকগুলো কী কী?

উত্তর :    উদ্ভিদের পরাগায়নে সাহায্যকারী নিয়ামকগুলো হলো : পানি, বায়ু, প্রাণী, যেমন মানুষ, পাখি, মৌমাছি ইত্যাদি।

৬.         পরিবেশের একটি খাদ্য জালে কয়টি খাদ্য শৃঙ্খল থাকে?

উত্তর :    পরিবেশের একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে।

৭.         সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে?

উত্তর : সবুজ উদ্ভিদ সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে।

৮.         প্রাণী তার খাদ্যের জন্য কীসের ওপর নির্ভরশীল?

উত্তর : প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।

৯.         সব প্রাণীর শক্তি প্রয়োজন কেন?

উত্তর :    বেঁচে থাকার জন্য সব প্রাণীর শক্তি প্রয়োজন।

১০.       একটি তৃণজাতীয় উদ্ভিদের নাম লেখ।

উত্তর :    একটি তৃণজাতীয় উদ্ভিদ হলো ঘাস।

১১.       উদ্ভিদের খাদ্য তৈরির জন্য গ্রহণকৃত উপাদানের নাম কী?

উত্তর : উদ্ভিদের খাদ্য তৈরির জন্য গ্রহণকৃত উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড।

১২.       উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন কোন উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ?

উত্তর :    উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৩.       মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।

উত্তর :    বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভর করে। এই জড় উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো  বায়ু, পানি ও খাদ্য। মানুষ শ্বাস গ্রহণের মাধ্যমে বায়ু থেকে অক্সিজেন নেয়। পান করার জন্য মানুষের পানি প্রয়োজন। আবার দৈহিক পুষ্টির জন্য মানুষ খাদ্যের ওপর নির্ভরশীল। 

বর্ণনামূলক প্রশ্নোত্তর

১. খাদ্য শৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো।

উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলে সাপ ও ঈগল উভয়ই একই রকম তা ব্যাখ্যা করা হলো

খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই মাংসাশী প্রাণী বলে তারা একই রকম অর্থাৎ একই স্তরের খাদক।

বাস্তুতন্ত্রের দুটি জীব উপাদান হলো উৎপাদক ও খাদক। একমাত্র সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলে তাদের উৎপাদক বলা হয়। প্রাণীরা খাদ্য উৎপাদন করতে পারে না বলে খাদক হিসেবে বিবেচিত। প্রথম স্তরের প্রাণীরা তৃণভোজী, যেমন ঘাসফড়িং। দ্বিতীয় স্তরের প্রাণীরা মাংসাশী এবং প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। তৃতীয় স্তরের খাদকরা দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। খাদ্য শৃঙ্খলে সাপ খায় ব্যাঙকে আবার ঈগল খায় সাপকে। কাজেই ঈগল ও সাপ উভয়ই মাংসাশী প্রাণী এবং এরা একই রকম।