কীর্তিমান জো রুট

২০২০ সালটি খুব শূন্যতায় কেটেছে জো রুটের। গত বছরের আগে বিশ্বের সেরা চার ব্যাটসম্যানের একজন ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু গত বছরের রানখরা তাকে ওই উচ্চতায় আছেন কি-না এমন প্রশ্নের মুখে ফেলে দেয়। কিন্তু নতুন বছরের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি করে নিজেকে ফের প্রমাণ করলেন রুট। গতকাল তার ২২৮ রানের অসাধারণ ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ইংল্যান্ড। ৪২১ রান তুলে প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নেয় অতিথিরা। প্রথম ইনিংসে ১৩৫ করা শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৫৬ রানে। ইন্টারনেট।

রুটের শেষ তিন অঙ্কের ইনিংস ছিল ২০১৯ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটিও ছিল ডাবল সেঞ্চুরি, ২২৬ রানের। সব মিলিয়ে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে ২০১৬-তে ক্যারিয়ারসেরা ২৫৪ রানের ইনিংস ছোঁয়ার পথেই ছিলেন তিনি। সঙ্গীর অভাবে থামতে হয়েছে। ২২৮ করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রুট। তবে এ ইনিংসেই শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ ইনিংস এবং একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান হন তিনি। ২০১২ সালে কলম্বোতে ১৫১ রান করা কেভিন পিটারসেন এতদিন ছিলেন শীর্ষে। এ ছাড়া লঙ্কার মাটিতে সবচেয়ে বেশি রান করা বিদেশি অধিনায়কের তালিকায় দুই নম্বরে আছেন। চার ডাবল নিয়ে কিংবদন্তির লেন হাটনের পাশে বসেছেন রুট। এ ছাড়া ৩১তম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রুট।