রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে দুই সিটি করপোরেশনকে নিয়ে আগামী সপ্তাহে বৈঠক হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর করায় সিটি করপোরেশন ভালো করতে পারবে। গতকাল ঢাকা ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে সরকারি-বেসরকারি ব্যাংককে ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড-২০১৯-২০’ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
মো. তাজুল ইসলাম বলেন, ‘নগরীর পানি নিষ্কাশনের ব্যবস্থা ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে দেওয়ার পর থেকেই মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে দুই সিটি করপোরেশনকে নিয়ে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা ঠিক করা হবে। ঢাকা শহরের নাগরিক সমস্যা সমাধান করে একটি আধুনিক বাসযোগ্য দৃষ্টিনন্দন শহর করতে যা যা করা দরকার তা করা হবে।’