দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে মেয়র পদে ৬২ শতাংশ ভোট

পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় মেয়র পদে ৬২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান রবিবার এ তথ্য জানান।

তিনি বলেন, এ ধাপে ২০ লাখ ৯১ হাজার ৬৮১ ভোটের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ ভোট পড়েছে। সে হিসাবে ভোটের হার হচ্ছে ৬১ দশমিক ৯২ শতাংশ।

শনিবার ৬০ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয়। 

তবে কিশোরগঞ্জ সদরের একটি কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল নির্ধারিত হয়নি। 

ঘোষিত ফলাফল অনুযায়ী ৪১টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিএনপির চার, জাতীয় পার্টির এক, জাসদের এক ও আট স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন।

শনিবার ইসি সচিব মো. আলমগীর ভোট শেষে বলেছিলেন, সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। প্রচুর ভোটার উপস্থিতি ছিল। দুয়েকটি জায়গায় দুষ্কৃতরা অপচেষ্টা করেছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে; এটা খুবই নগণ্য ঘটনা। সব মিলিয়ে এবার পৌরসভায় সুষ্ঠু ও একটা সুন্দর নির্বাচন হয়েছে।

নির্বাচনে সর্বোচ্চ ৮৫ শতাংশ ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসেভায়। আর ফেনীর দাগনভূঞার ৩৯ শতাংশ ভোট দ্বিতীয় ধাপের সর্বনিম্ন।