রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসায় ডেকে নিয়ে বন্ধুদের দিয়ে স্ত্রীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম আয়উব আলী (৬৫)। ১২ জানুয়ারি এ ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা যায়।
রবিবার দুপুরে ওই নারী খিলগাঁও থানায় স্বামীসহ ছয়জনকে আসামি করে ধর্ষণের মামলা করেছেন। মামলার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম।
তিনি বলেন, ‘গত ১২ জানুয়ারি ওই নারীকে তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করায় বলে অভিযোগ করেছেন। ঘটনার পর ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যান ওই নারী ও তার স্বজনরা। সেখানে বাসার ঠিকানা না থাকায় আমাদের হাসপাতাল থেকে কিছু জানানো হয়নি। পরে আজ (রবিবার) দুপুরে ওই নারী থানায় এসে ধর্ষণ মামলা করেছে। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি।’
নারীর খালাতো ভাই আবুল হোসেন দেশ রূপান্তরকে জানান, আমার বোন অভিযুক্ত স্বামীর দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত আইয়ব আলীর বাড়ি মানিকগঞ্জ। পারিবারিক কলহের জেরে গত এক মাস ধরে তার বোন আলাদা থাকছেন। গত ১২ জানুয়ারি দুপুর ২টার দিকে ওই স্বামী পরিবারিক কলহ মিটানোর কথা বলে তার বোনকে খিলগাঁও থানার সিপায় পাড়া ট্যাম্পু স্ট্যান্ডের পাশে কালুন নামে এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই পাচ বন্ধুকে দিয়ে তার স্বামী পালাক্রমে ধর্ষণ করায়। ধর্ষণের পর আমি বোনকে নিয়ে ঢাকা মেডিকেলে ছিলাম। আজ (রবিবার) খিলগাঁও থানায় ছয়জনকে আসামি করে ধর্ষণ মামলা করেছি।