চসিক নির্বাচনে অস্ত্রধারীদের ছাড় দেওয়া হবে না: সিএমপি কমিশনার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি বলেছেন, অস্ত্রধারীদের বিষয়ে আমাদের ন্যূনতম ছাড় নেই। উই আর লুকিং ফর দেম। মোগলটুলির নির্বাচনী সহিংসতা তদন্ত করা হচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

রবিবার নগরীর দামপাড়ায় সিএমপির কনফারেন্স হলে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন কমিশনার।

তিনি বলেন, বহিরাগত সন্ত্রাসী ঠেকাতে চেকপোস্টে তল্লাশি জোরদার ও আবাসিক হোটেলে খোঁজ করা হচ্ছে। চারদিকে পুলিশ ছড়িয়ে রয়েছে। কেউ সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

চসিক নির্বাচনে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ইসির নির্দেশনা পেলে পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক সংখ্যা জানা যাবে। তবে ওয়ার্ড ও থানাভিত্তিক ফোর্সের সঙ্গে রিজার্ভ ফোর্স রাখা হবে। ডিবি, কাউন্টার টেররিজম ও সোয়াট দায়িত্বে থাকবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ২ হাজার ৪৭৭টি বৈধ অস্ত্র রয়েছে। এগুলো জমা দিতে নির্দেশনা দেবে ইসি। কোনো অস্ত্রের ব্যবহার যাতে না হয়, আমরা সে চেষ্টা করব।