চসিক নির্বাচন

গণমানুষের কল্যাণে কাজ করা আমার রাজনৈতিক অঙ্গীকার: রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, গণমানুষের কল্যাণে কাজ করাই তার রাজনৈতিক অঙ্গীকার। তাই মেয়র নির্বাচিত হলে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে বিশেষ প্রকল্প হাতে নেবেন। এছাড়া ফুটপাতের হকারদের জন্য সুস্পষ্ট একটি নীতিমালা প্রণয়ন করবেন।

রবিবার সকালে চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম চৌধুরী বলেন, একটি আধুনিক, মানবিক, ব্যবসাবান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। নগরবাসীকে নিয়ে এই শহরকে নতুন করে গড়তে চাই।

সভায় হকার্স নেতারা বলেন, যে ব্যক্তি দেশমাতৃকার জন্য পারিবারিক জৌলুশ ও আয়েশ-আমোদ ছেড়ে জীবনের মায়া ভুলে সশস্ত্র হানাদারের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করতে পারে তার ওপর আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশাকে সম্মান জানিয়েছেন। কারণ যিনি বীর, যিনি ত্যাগী, যিনি আদর্শে অবিচল সেই রেজাউল করিমের হাতে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিহিত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নৌকার বিজয়ের জন্য মাঠে আছি এবং আগামী ২৭ তারিখ নৌকায় ভোট দিয়ে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখব।

সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, মোতালেব চৌধুরী, প্রবীর দাশ তপু, শওকত হোসেন, নুরুল আকবর, নুরুল করিম, কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ, শওকত হোসেন মুন্না প্রমুখ। মতবিনিময় সভা শেষে তিনি রিয়াজ উদ্দিন বাজার, জহুর হকার মার্কেট এলাকায় গণসংযোগ করেন। পরে বিকেলে নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ও ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেন রেজাউল করিম চৌধুরী।