নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটায় ইট ভাঙাকে কেন্দ্র করে এএসবি নামে ইটভাটার দুই শ্রমিক সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসবি ইটভাটায় মুকলেছুর রহমান ইটভাটার কাঁচামাল তৈরির শ্রমিকদের সরদার হিসেবে কাজ করেন। আর ফজলু মিয়া ইটাভাটার ইট লোড-আনলোডের শ্রমিকদের সরদার। ফজলু মিয়ার শ্রমিকরা ইট আনা-নেওয়ার সময় মুকলেছুর রহমানের শ্রমিকদের তৈরি করা কয়েকটি কাঁচা ইট ভেঙে যায়। ইট ভাঙা নিয়ে মুকলেছুর ও ফজলুর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মুখলেছুর ও তার লোকজন লাঠিসোঁটা, শাবল, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে ফজলুর লোকজনের ওপর হামলা চালায়। পরে ফজলুর লোকজনও পাল্টা হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে মুকলেছুর রহমান, ফজলু, রেজা, সাগর, নুরুল হক, মোহাম্মদ, হেলাল খান, পথচারী মঞ্জুসহ অন্তত ২৭ জন আহত হন। তাদের মধ্যে মুকলেছুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এএসবি ইটভাটার ব্যবস্থাপক আলম হোসেন বলেন, শ্রমিকদের মধ্যে সামান্য কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এতজন আহত হওয়ার তথ্য ঠিক নয়। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু জেনেছি, তাই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।