ডেমরায় ২০ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

রবিবার রাত সোয়া ৮টায় ডেমরা চৌরাস্তা এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফারুক হোসেন (৩৩), মো. ইউনুছ আলী (৩৪), মো. তারেক (৩২), মো. ইউসুফ মোল্লা (২৪), মো. কালাম (৩০) ও মো. আলী আজম (৪৪)।

ডিএমপি সূত্র জানায়, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে কক্সবাজার হতে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম ডেমরা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারটি আটক করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করা হয়েছে।