বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আফসার সিকদার (৫৫) নিহত হয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসার সিকদার।
তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
কাউন্সিলর প্রার্থী মো. নুরুল হক জমাদার বলেন, তার সমর্থক ছিলেন আফসার সিকদার। তার প্রতিপক্ষ ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিপ্পন তালুকদার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল বেপারীসহ সাত থেকে আটজন মিলে রোববার দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার আরসি কলেজের সামনে মারধর করে আফসার সিকদারকে ফেলে রেখে যায়।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে সোমবার সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার উপযুক্ত বিচার চান নির্বাচনী সহিংসতায় মারা যাওয়া আফসার সিকদারে ছেলে মো. রিমন সিকদার।
মেহেনদিগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম, নির্বাচনী প্রচারে বাগবিতণ্ডার খবর শুনেছি। সংঘর্ষ হয়েছে কি না জানি না। আফসার সিকদার মারা গেছেন বলে শুনেছি তবে কেউ থানায় এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করেনি।