চট্টগ্রামকে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব: শাহাদাত

মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

 তিনি বলেছেন, চট্টগ্রাম পর্যটননির্ভর একটি বিভাগ। এখানে সি-বিচ আছে, ফয়’স লেক, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আছে। এগুলোকে কাজে লাগিয়ে খুব সহজে পর্যটন নগর গড়ে তোলা যায়।

নগরীর ৮নং শোলকবহর ও ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সোমবার এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত বলেন, ৩৫ বছর ধরে চট্টগ্রামের মানুষের জন্য রাজনীতি করছি। মানুষের সুখ-দুঃখ বুঝি। করোনাকালে মানুষের পাশে থেকেছি, এখনো সাহায্য-সহায়তা করে যাচ্ছি। ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি। তাই চট্টগ্রামের মানুষ আমাকে পছন্দ করে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলুসহ দলীয় নেতাদের নিয়ে নগরীর কাতালগঞ্জ মোড় থেকে গণসংযোগ শুরু করেন শাহাদাত। এরপর শেখ বাহারউল্লাহ মসজিদ, বড় গ্যারেজ, বাদুরতলা, বহদ্দারহাট মোড়, শোলকবহর মাদ্রাসা রোড, মির্জাপুল, জলিল বিল্ডিং, ফরেস্ট গেট, মুরাদপুর মোড়, বশর মার্কেট, পিলখানা গলি হয়ে বন গবেষণাগার মাঠে গিয়ে শেষ করেন।

পরে নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের গণসংযোগ ২নং গেট বিপ্লব উদ্যানের মোড় থেকে শুরু করে নাসিরাবাদ পূর্বকোণ অফিস, লডর্স ইন হোটেলের পাশের সড়ক হয়ে নাসিরাবাদ সরকারি বালিকা বিদ্যালয় রোড, আল-ফালাহ গলি, ২নং গেট রেলক্রসিং, মেয়র গলি, বেবী সুপার মার্কেট হয়ে রুবি গেট মোড়ে গিয়ে পথসভায় মিলিত হন তিনি।

এ সময় ডা. শাহাদাত বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ধারা উপহার দিতেই নির্বাচনের মাঠে বিএনপি। জনগণ আমাদের সঙ্গে আছেন। চিহ্নিত সন্ত্রাসীরা যে কাজগুলো করছে, অনতিবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক।

ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিয়ে দুলু বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি একজন ভালো মানুষকে মনোনয়ন দিয়েছে। ডা. শাহাদাত হোসেন ক্লিন ইমেজের নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে যোগ্য নেতা হিসেবে চট্টগ্রামবাসীকে সেবা করার জন্য মেয়র হিসেবে প্রার্থী দিয়েছেন। তিনি এ করোনা দুর্যোগে সবসময় আপনাদের পাশে ছিল। আপনারা তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন।

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চাকসু ভিপি নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য হারুন জামান, আশরাফ চৌধুরী, মো. কামরুল ইসলাম, উত্তর জেলা বিএনপি নেতা এমএ হালিম, জসিম উদ্দীন সিকদার প্রমুখ গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন।