পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ফেনীতে চার দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন শেষে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়।

শিক্ষার্থী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ইয়ার লসের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বেলা ১১টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন ফেনীর সরকারি ও বেসরকারি বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ শেষে মহিপাল এলাকায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে ঘণ্টাব্যাপী শত শত পরিবহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীদের সমন্বয়ক সাব্বির আহমেদ জানান, দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি নিয়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে দায়িত্বশীল পর্যায় থেকে কাক্সিক্ষত সাড়া পাওয়া যাচ্ছে না।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, অবরোধের কারণে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজট দেখা দেয়।

অপরদিকে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে চার দফা দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থী তানিম আহম্মেদ, নাজমুস সাকিব, অলিদ প্রমুখ।