সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে উচ্চ আদালত। গতকাল সোমবার এ আপিল গ্রহণ করেন বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ইশরাককে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার জামিনের বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলেছে হাইকোর্ট।
গত বছরের ২৩ নভেম্বর এ মামলায় ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতের রায়ে বেকসুর খালাস পান ইশরাক। এর বিরুদ্ধে গত রবিবার হাইকোর্টে আপিল করেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আপিলটি শুনানির জন্য গ্রহণ করে মামলার নথি চেয়েছে হাইকোর্ট। তাকে (ইশরাক) বিচারিক আদালতে সারেন্ডার করতে বলা হয়েছে। সারেন্ডার করলে জামিনের বিষয়টি বিবেচনা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।’ মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে, বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ, সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দিতে বলা হয় দুদকের নোটিসে। তবে বিবরণী দাখিল না করায় ২০১০ সালের আগস্টে রাজধানীর রমনা থানায় মামলা (নন সাবমিশন) করে দুদক।