ঢাকার বিমানবন্দর সড়কে এক দম্পতিকে চাপা দেওয়া আজমেরী গ্লোরি বাসের চালককে গ্রেপ্তার করেছে সিআইডি।
সোমবার গাজীপুর থেকে চালক তসিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির (ঢাকা মহানগর) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা অয়েল গেটের পাশে দুর্ঘটনায় মারা যান আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫)।
দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে দুজন মোটরসাইকেলে করে সকালে গুলশানে কর্মস্থলে যাওয়ার পথে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। সেখানেই তারা মারা যান।
পুলিশ কর্মকর্তা শেখ ওমর বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, বাসের হেলপারসহ আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় সোমবার বিমানবন্দর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।