অভিনেতা মজিবুর রহমান দিলু মারা গেছেন

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু আর নেই। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মজিবুর রহমানের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী রানী রহমান, দুই ছেলে অয়ন রহমান, অতুল রহমান ও এক মেয়ে তানজিলা মজিবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দিলুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৩টায় মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনা হলে সেখানে সর্বস্তরের মানুষ প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মজিবুর রহমান দিলুকে দাফন করা হয়।

এদিকে দিলুর মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন।