দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক আলতাফ মাসুদের মা নুরুন্নাহার বেগম ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, নুরুন্নাহার বেগম গত বছর অক্টোবরের শেষে করোনায় আক্রান্ত হন। ওই সময় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। ডিসেম্বর মাসে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। এর মধ্যে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলতাফ মাসুদের খালাতো ভাই মীর মো. হাসান জানান, আজ বাদ জোহর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আলতাফ মাসুদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশ রূপান্তর পরিবার।