ঘরের মাঠে শততম ম্যাচে সাকিবের ‘১৫০’

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মাইলফলক সাকিব আল হাসানের। দেশের প্রথম বোলার হিসেবে ঘরের মাঠে ১৫০তম উইকেট শিকারের স্বাদ পেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে সাকিবের শততম ম্যাচ। সেই ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি দারুণভাবে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে সাকিব হয়েছেন ম্যাচসেরা। বল হাতে ৭.২ ওভার বল করে ৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। পরে ব্যাট হাতে করেন ১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পান সাকিব। ৩৪ বলে ১২ রান করা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি। আর এতেই ঘরের মাঠে ১৫০তম উইকেট পূর্ণ হয় সাকিবের।

এ ম্যাচের আগে ঘরের মাঠে সাকিবের পরিসংখ্যান ছিল ৯৯ ম্যাচে ১৪৯ উইকেট। ৪ উইকেট পাওয়ার পর এখন তার উইকেট সংখ্যা ১৫৩টি।

দেশের বাইরে ১০৭ ম্যাচে তার শিকার ১১১টি। সব মিলিয়ে ২০৭ ওয়ানডেতে সাকিবের ঝুলিতে জমা হলো ২৬৪ উইকেট।

সাকিবের পর ঘরের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ১০৩ ম্যাচে ১৪৭ উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৭৯ ম্যাচে রাজ্জাকের শিকার ১২২ উইকেট।