চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারের সময় ছাত্রলীগের ওপর যুবদলের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন।
বুধবার বাকলিয়ার বলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে বলিরহাটে জনসংযোগ করছিলেন ছাত্রলীগ কর্মীরা। এর পাশে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসনের পক্ষে সভা শেষে যুবদল কর্মীরা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে জনসংযোগ চালানো ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন দেশ রূপান্তরকে বলেন, বুধবার বিকালে ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে জনসংযোগ করছিলেন ছাত্রলীগের কর্মীরা। ওই সময় সেখানে যুবদলের কর্মীরা তাদের হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন আহত হয়েছে।
তিনি বলেন, আহতদের মধ্যে সোহান (২০) নামে একজনের মাথার জখম গুরুতর।
তিনি আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে একজনকে আটকও করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।