করোনা ভ্যাকসিনের অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না। গত মঙ্গলবার এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া এক প্রতিবেদনকে উপজীব্য করে তদন্ত হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, গত রবিবার ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, স্যান ডিয়েগোর একটি টিকা কেন্দ্রে টিকা নেওয়ার পর বেশ কয়েকজনের শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণজনিত সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বিবেচনায় নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওইদিনই ক্যালিফোর্নিয়ার এক শীর্ষ মহামারী বিশেষজ্ঞ মডার্নার ভ্যাকসিনের ৪১এল২০এ লটটি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেন। তিনি বলেন, ‘সাধারণত যে সংখ্যক মানুষের মধ্যে অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেশিসংখ্যক মানুষের অ্যালার্জি হয়েছে। একটি কমিউনিটির টিকা কেন্দ্রে দেওয়া মডার্না ভ্যাকসিনের নির্দিষ্ট একটি লটে এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ জন মানুষকে এ সংক্রান্ত চিকিৎসা দিতে হয়েছে।’
মডার্না কর্র্তৃপক্ষ বলছে, অন্য টিকা কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের একই লট কিংবা অন্য লটের ক্ষেত্রে ধারণার চেয়ে বেশি মানুষের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে কি না তা তাদের জানা নেই।