ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে দেশের সবচেয়ে সফল সাকিব আল হাসান। এই পজিশনে খেলেই মাতিয়েছেন ২০১৯ বিশ্বকাপ। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিবকে হারাতে হয়েছে নিজের ‘প্রিয়’ জায়গা।
যা নিয়ে আলোচনা, সমালোচনা চলছেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর সাকিব বললেন, দলের কথা ভেবেই তিন ছেড়ে চারে খেলার সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি।
এদিন ক্যারিবীয়দের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে সাকিব হয়েছেন ম্যাচসেরা। বল হাতে ৭.২ ওভার বল করে ৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। পরে ব্যাট হাতে করেন ১৯ রান।
ম্যাচ শেষে তিন নম্বর পজিশন ছেড়ে চারে নেমে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেটাকে সম্মান জানাতে হবে। সেটা আমি এই সিদ্ধান্তে একমত হই আর না হই। সব সময় আমি যখন খেলি, দলের জন্য খেলার চেষ্টা করি।’
তিন নম্বরে যখনই খেলেছেন সাকিব, রান পেয়েছেন। ওয়ানডেতে এই পজিশনে ২৩ ম্যাচে ৫৮.৫৮ গড়ে করেছেন ১ হাজার ১৭৭ রান। দুটি সেঞ্চুরির পাশে ফিফটি ১১টি।
তাই রাসেল ডমিঙ্গো যখন দুদিন আগে জানালেন, সাকিবকে চারে খেলানোর কথা, তখন থেকেই সমালোচনার শুরু। অধিনায়ক তামিম ইকবাল অবশ্য ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, সাকিব চারে খেলা নিয়ে খুশি।
এদিন সাকিব নিজে বললেন, ‘আমার কাছে সব সময় ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের অর্জনকে অনেক বড় বলে মনে হয়। সে জন্য আমার কাছে মনে হয় না খুব একটা পার্থক্য তৈরি করবে।’