স্বাস্থ্যসম্মত পর্যটন নগরী গড়তে পরিকল্পিত পদক্ষেপ নেব: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচিত হলে চট্টগ্রামকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবো।

বুধবার দিনব্যাপী নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে এ প্রতিশ্রুতি দেন ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ এলাকা চট্টগ্রাম। এখানে ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক নির্দশন ভরপুর। বিএনপির আমলে পাহাড়তলী চক্ষু হাসপাতাল, ইউএসটিসি, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র স্থাপনসহ ফয়’সলেক ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা হয়েছিল। পরবর্তিতে পর্যটন শিল্পের বিকাশে সুপরিকল্পিত পদক্ষেপ না থাকায় এ শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ করা যায়নি। এ খাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে চট্টগ্রাম পর্যটকদের স্বর্গভুমি বিবেচিত হবে। পর্যটন শিল্পকে জাতীয় আয়ের প্রধান খাত হিসেবে গ্রহণ করা সম্ভব হবে।

এদিন সকালে ডা. শাহাদাত হোসেন উত্তর পাহাড়তলীর ওয়ার্ডের ফয়’স লেক নুরিয়া মাদ্রাসার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। পরে আব্দুল হামিদ সড়ক, আকবরশাহ, শহীদ লেইন, দুলালাবাদ, সিডিএ মার্কেট, ডিটি রোড়, অলঙ্কার মোড়, আব্দুল আলী নগর, নেছারিয়া মাদ্রাসা, জাকির হোসেন রোড়, মালিপাড়া, কৈবল্যধাম আশ্রম, পূর্ব ফিরোজশাহ, বিশ^কলোনী, জানারখীল রেল গেইট চত্বর গিয়ে তা শেষ হয়।  

এরপর উত্তর কাট্টলী ওয়ার্ডের মোস্তফা হাকিম হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বশির মো. বাড়ী সড়ক, গার্লস স্কুল, হিন্দুপাড়া, চৌধুরী বাড়ী, বিশ্বাস পাড়া, কমিউনিটি সেন্টার মোড়, পন্ডিত বাড়ী, কর্ণেলহাট মোড়, সিডিএ আবাসিক, নিউ মনসুরাবাদ, আগ্রাপাড়া, নবাববাড়ী রেস্টুরেন্ট মোড়, মনসুরাবাদ উপল ক্লাবের সামনে গিয়ে পথসভা শেষ হয়।

তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রিয় সদস্য নাজিম উদ্দিন আলম  ও হুম্মাম কাদের চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। 

গণসংযোগে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হরণকারী একটি দল। তারা দিনের ভোট রাতে নিয়ে সংসদে গিয়ে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার তারা  কেড়ে নিয়েছে।  মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছে তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ন আহবায়ক এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, চাকসু ভিপি নাজিম উদ্দিন, বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরী, নগর বিএনপির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো: কামরুল ইসলাম, আকবরশাহ থানা বিএনপির সভাপতি ও উত্তর পাহাড়তলী ওর্য়াড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সেলিম, প্রমুখ উপস্থিত ছিলেন।