দ্রাবিড়ের ছাত্ররাই অজি বধের রূপকার

ব্রিসবেন টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ের পরই সে দেশের সোশ্যাল মিডিয়ায় রাহুল দ্রাবিড়কে অভিনন্দন জানানো হচ্ছে। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’-এর ছবি পোস্ট করে কেউ কেউ লিখছেন, ‘আপনার হাতেই সিরিজ সেরার পুরস্কার ওঠা উচিত।’ কথাটা খুব সত্যি। কারণ, ব্রিসবেনে যারা ভারতকে জিতিয়েছেন তাদের অধিকাংশই দ্রাবিড়ের হাতে তৈরি।

২০১৩ সালে পুরোপুরি খেলোয়াড়ি জীবনের অবসানের পর কোচিংয়ে আসেন দ্রাবিড়। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দল, পাশাপাশি ভারতীয় ‘এ’ দলের হেড কোচ ছিলেন তিনি। এই সময়ে দুটি যুব বিশ্বকাপে রানার্সআপ এবং চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ বিশ্বকাপে ফাইনাল খেলা ভারতীয় দলের সদস্য ছিলেন ঋষভ পান্ত ও ওয়াশিংটন সুন্দর। আর ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলে খেলেছেন পৃথ্বি শ ও শুভমান গিল। পান্ত, সুন্দর আর গিল এই তিনজনই এবারের অস্ট্রেলিয়া জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মোট কথা জাতীয় অ্যাকাডেমি হোক কিংবা এ দল যেখানেই কাজ করেছেন সেখান থেকেই ভারতের মূল দলে প্লেয়ার সাপ্লাই দিয়েছেন দ্রাবিড়। তাই সিরিজ চলাকালীনই হনুমা বিহারি, সুন্দরদের মুখে শোনা গেছে দ্রাবিড়ের প্রশংসা। তারা বলেছেন, নিজেদের ভালো পারফরম্যান্সের জন্য দ্রাবিড় স্যারের কাছে কৃতজ্ঞ। এক সময় দ্রাবিড় নিজেও বয়সভিত্তিক দলে খেলে বেড়ে উঠেছেন। ১৯৮৮ সালে ঢাকায় বেক্সিমকো ইয়ুথ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি সৌরভ গাঙ্গুলি, বিনোদ কাম্বলিদের সঙ্গে।

এদিকে ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৮ জনের দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, স্পিনার অক্সর প্যাটেল। ব্রিসবেন টেস্টে ভালো খেললেও জায়গা পাননি পেসার টি নটরাজন। কে এল রাহুল দলে থাকলেও ফিট হলে তবেই দলে থাকবেন তিনি। বাদ দেওয়া হয়েছে পৃথ্বি শ’কে।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগরওয়াল, হার্দিক পান্ডিয়া, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর এবং অক্সর প্যাটেল।