রবি শাস্ত্রী নিজেই বলেছেন তিনি অনেক শক্ত মনের মানুষ। সহজে চোখে জল আসে না তার। এমন শক্ত হৃদয়ের মানুষটাও ব্রিসবেন টেস্টে ভারতের জয় দেখে আবেগে কেঁদে ফেলেন। পরে ভারতীয় দলের কোচ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবা টেস্ট জয়ই ইতিহাসের সেরা।
অধিনায়ক আজিঙ্কা রাহানেকে পাশে নিয়ে ড্রেসিংরুমে কোচ যখন ক্রিকেটারদের সামনে বক্তব্য রাখতে শুরু করেন, তখনো তার চোখে জল ছিল। আবেগরুদ্ধ কণ্ঠে তিনি বলতে থাকেন, ‘আমার চোখে এখনো জল। যে সাহস তোমরা দেখিয়েছ, তা অবিশ্বাস্য। একের পর এক ইনজুরির পরেও নিজেদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায়নি তোমাদের। এটা একদিনে হয় না, বহুদিন ধরে একসঙ্গে খেলতে খেলতে তৈরি হয়। আজ শুধু ভারত নয়, সারা বিশ্ব তোমাদের কুর্নিশ জানাবে। এই মুহূর্তটাকে উপভোগ করো।’
ব্রিসবেনে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলা শুভমান গিলের প্রশংসা করেন শাস্ত্রী, ‘যে ইনিংসটা গিল খেলেছে সেটাই টোনটা সেট করে দিয়েছিল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যাওয়া কারও কাছ থেকে এমন ইনিংস সত্যি অবিশ্বাস্য ব্যাপার। বাউন্সি উইকেটে সে আর পান্ত যেভাবে খেলেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’
চেতেশ্বর পূজারার প্রশংসা করে কোচ শাস্ত্রী বলেন, ‘তোমাকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে চিনবে সবাই। ব্যাট করার সময় আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। অসাধারণ খেলেছ তুমি।’ অধিনায়ক রাহানের প্রশংসায় শাস্ত্রী বলেন, ‘অ্যাডিলেডে হারের পর যেভাবে দলকে তুমি ফিরিয়ে এনেছ, তা অসাধারণ। মাঠে যেভাবে সবাইকে আগলে রেখেছিলে তা ভোলা যাবে না।’
অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অলআউট হয়ে সিরিজে পিছিয়ে পড়ে ভারত। এরপর মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করে ভারতের জয় নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে। হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিনের বীরত্বে ড্র হয় সিডনি টেস্ট।