সড়কে প্রাণ গেল ৪ জনের

রাজধানীসহ দেশের তিন জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। পটুয়াখালীর মহিপুরে গাছবোঝাই টমটম উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া পিরোজপুরের ভা-ারিয়ায় মালবাহী ট্রলি উল্টে এর চালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল দুপুরে গেণ্ডারিয়া এলাকায় গাড়ির ধাক্কায় মো. খালিদ (৫৫) নামে মোটরসাইকেল চালক এক ব্যক্তি নিহত হয়েছেন। খালিদ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া একইদিন সকালে কামরাঙ্গীরচর সিকশন বেড়িবাঁধে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রশিদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

পটুয়াখালী : মহিপুরে গাছবোঝাই টমটম উল্টে বাবুল (১১) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে বাবুলকে সঙ্গে নিয়ে টমটমে চাম্বল গাছ বোঝাই করে মোয়াজ্জেমপুর থেকে মহিপুরের স’মিলে নিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। পথে নিজশিববাড়িয়া এলাকায় পৌঁছালে টমটমটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে গাছের নিচে চাপা পড়ে বাবুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পিরোজপুর : ভান্ডারিয়ায় মালবাহী ট্রলি উল্টে এর চালক হেলাল উদ্দিন (২৮) নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তেলিখালী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিন মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আ. জব্বার হাওলাদারের  ছেলে।