শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদ দিবসে আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগসংলগ্ন স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঊনসত্তরের গণ-আন্দোলনে শহীদ আসাদের আত্মত্যাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং পরবর্তীকালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের।
ছাত্রদল ঢাবি শাখার সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, শহীদ আসাদ গণতন্ত্রের প্রতিচ্ছবি। তার আদর্শ বুকে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতে হবে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের নির্দেশে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বৈরশাসনবিরোধী বিক্ষোভ মিছিলে গুলি চালালে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদ।