মেগা প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দেশের ১০টি বড় মেগা প্রকল্পের একটি হচ্ছে পায়রা বন্দর। বন্দরকে কেন্দ্র করে এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। পায়রা বন্দরের কাজ শেষ হলে এই এলাকায় ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে। দেশের মেগা প্রকল্পের কাজগুলো সম্পান্ন হলে দেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। গতকাল বুধবার দুপুর ২টায় পায়রা বন্দর পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে অধিগ্রহণকৃত জমির তিনগুণ মূল্য দেওয়া হচ্ছে। মানুষ এখন স্বেচ্ছায় তাদের জমি দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে। কিছু কর্মকর্তা আছে যারা অভ্যাসগতভাবে ধীরগতিতে কাজ করে। এসব সমস্যা কাটিয়ে উঠতে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাজ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে ভূমি আইনগুলো সহজ করার জন্য কাজ করছে সরকার।’