নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুঁড়েঘরে, প্রাণ গেল ঘুমন্ত যুবকের

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ট্রাক একটি কুঁড়েঘরে ঢুকে গেলে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় লিটন সরকার (৩২) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মান্নাননগর-চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার এক সন্তানের জনক এবং পুরাতন বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। তারা সড়কের ওয়াপদা বিভাগের জায়গায় কুঁড়েঘর তৈরি করে বাস করতেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ঠাকুরগাঁও'র রাণীশংকৈল থেকে আলুবোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল।

ভোর সাড়ে ৬টার দিকে বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তখন নিহতের স্ত্রী ও ছোট্ট ছেলে ঘরের বাইরে থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।

ধারণা করা হচ্ছে, ট্রাকের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন।

খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।