সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৬নং ওয়ার্ডের নতুন ভাঙ্গবাড়ি মহল্লার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত কাউন্সিলর তরিকুলের স্ত্রী হাসিনা খানম হাসি তার লিখিত বক্তব্য তুলে ধরেন।
এতে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান (৪৫) বিজয় মিছিলে নয়, তিনি খুন হয়েছেন বিজয় ঘোষণার পর তার সমর্থকদের আনন্দ উল্লাসে ব্যতিব্যস্ত হয়ে পড়ার মুহূর্তে। শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফল ঘোষণার পর মুহূর্তে পরাজিত প্রার্থী শাহদত হোসেন বুদ্দিন ও তার সমর্থকরা অতর্কিতে হামলা ও ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।
তিনি এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।