ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর মালিঙ্গার

টেস্ট, ওয়ানডের পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট থেকেও অবসর নিলেন শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করেই লাসিথ মালিঙ্গা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি এখন থেকে আর কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন না। করোনা মহামারীর সময় ভ্রমণে কড়াকড়ি সর্বত্র। এই সময় বিভিন্ন দেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাটা কঠিন হয়ে গেছে। তাই তিনি আগামী মৌসুম থেকে এ ধরনের ক্রিকেট আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।’ মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ানস দলের মূল খেলোয়াড়দের একজন হয়ে ছিলেন গত ১২ বছর ধরে। আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। যদিও আমরা আমাদের বোলিং আক্রমণে তাকে আরও যদি পাঁচ বছর পেতাম, তাহলে খুব ভালো হতো।’  ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ শিকারি তিনি।

তার এই অবসরে একটা প্রশ্ন তৈরি হলো, মালিঙ্গার ক্রিকেট ক্যারিয়ার কি শেষ?

তার ৩০ ম্যাচের টেস্ট ক্যারিয়ার থেমেছিল ২০১০ সালে। এরপর ওয়ানডে আর টি-২০ খেলে যাচ্ছিলেন তিনি। ২০১৯-এর ২৬ জুলাই কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে থেকে অবসর নেন তিনি। গত বছরের শুরুতে টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মালিঙ্গা। কিন্তু অস্ট্রেলিয়ায় নির্ধারিত সেই বিশ্বকাপ করোনার কারণে পিছিয়ে যায়। সামনের অক্টোবরে ভারতে সেই বিশ্বকাপ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট ছেড়ে দেওয়া মালিঙ্গা তাতে খেলতে চাইলে কোন মাপকাঠিতে তাকে দলে নেবে শ্রীলঙ্কা, তা এক বড় প্রশ্ন।