ডিএসসিসির সকল ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডে একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসি এলাকায় পরিবার-পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ কার্যক্রমের দ্বিমাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, আমাদের নতুন ১৮টি ওয়ার্ডসহ যে সকল ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নেই (কমিউনিটি সেন্টার) সে সকল ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সে অনুযায়ী আমরা সে সকল ওয়ার্ডে নতুন করে পাঁচতলা ভবন করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করব। সেসব ভবনে একটি ফ্লোরে আমাদের কাউন্সিলর কার্যালয় থাকবে এবং আরেকটি ফ্লোরে ‘নগদ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ করে দেব। যাতে করে সকল কার্যক্রম এক জায়গা থেকে হয় এবং যাতে মানুষ জানে, এই ওয়ার্ডের এই কার্যালয় ও সে কার্যালয়ে গেলেই করপোরেশনের সেবা নিশ্চিত হবে।

অবহেলিত পরিবার-পরিকল্পনা খাতে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে মেয়র তাপস আরও বলেন, আমি মনে করি যে, এটি একটি মৌলিক সেবার জায়গা। এটা একটা প্রাথমিক সেবার জায়গা। এই জায়গাটা আগে নিশ্চিত হলে, পরবর্তী সময়ে সেবার জায়গাগুলো আমরা নির্ধারণ করতে পারব, তার উৎকর্ষ বাড়াতে পারব, মান বাড়াতে পারব।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, কাউন্সিলর প্রমুখ।