এই খাবার শেষ করতে পারলেই ‘রয়েল এনফিল্ড’ পুরস্কার!

বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল, এমন খবরে উচ্ছ্বসিত অনেকেই। একই সঙ্গে ঐতিহ্য ও আভিজাত্যের মিশেল এই বাইকের দামও কিন্তু কম নয়। তবুও অবিশ্বাস্য এক অফারে এনফিল্ডের এ বাইক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের এক রেস্টুরেন্ট।

জি নিউজ জানায়, প্রমোশনের জন্য ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে পুনের একটি রেস্টুরেন্ট। বুলেট থালি নামে বিশেষ একটি প্যাকেজ নিয়ে এসেছে তারা, যেটি পুরোটা শেষ করতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হবে রয়েল এনফিল্ডের একটি মোটরসাইকেল।

চার কেজির থালিতে আছে আমিষ ও নিরামিষের বিভিন্ন পদ। সুস্বাদু সেসব পদের ছিটেফোঁটাও পাতে ফেলে রাখা যাবে না, সবটুকুই শেষ করতে হবে। তাহলেই মিলবে দামি মোটরসাইকেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। মানুষ ভিড় করে রেস্টুরেন্টের সামনে।

ইতিমধ্যে বেশ কয়েকজন চার কেজির সেই বুলেট থালি শেষ করার চেষ্টা করেছেন। ব্যর্থ হয়েছেন তারা রয়েল এনফিল্ডের বাইক জিততে। বোঝায়ই যাচ্ছে, কাজটা খুব সহজ নয়। সেভাবেই এ অফার ছেড়েছে রেস্টুরেন্টটি। তাই বলে কেউ পারবেন না!

মাছ, খাসির মাংস, মুরগি মাংস, তন্দুরি, কাবাব, রুটি, ভাত সব কিছু মিলে এলাহি কারবার। একজন কিন্তু বিশাল থালাটি ঠিকই শেষ করে ফেলেছেন এবং জিতে নিয়েছেন রয়েল এনফিল্ডের বাইক। তবে জি নিউজ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি।