সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় এক হাজার কোটি রুপির বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
শুক্রবার সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা এ কথা জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার নির্মাণাধীন কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়ে আদর পুনেওয়ালা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
পুনেওয়ালা বলেন, সেরাম আরও ভ্যাকসিনের জন্য একটি নতুন উৎপাদন লাইন তৈরি করছে, যা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ক্ষতি মূলত আর্থিক, যার পরিমাণ এক হাজার কোটি রুপির বেশি। আমাদের নতুন উৎপাদন লাইনে অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে, কিন্তু সেটা কোভিড ভ্যাকসিনে নয়। ক্ষতি হয়েছে বাল্ক অঞ্চলে এবং উৎপাদন ফিলিং লাইনে। যেখানে আগুন লেগেছে সেখানে কোনো ভ্যাকসিন তৈরি হচ্ছে না। তবে, ভবিষ্যতের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল পুনের এসইজেড এলাকায় সেরাম ইনস্টিটিউটের একশ একর ক্যাম্পাসের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় বড় ধরনের আগুন লাগে। ঘটনাস্থলে বৈদ্যুতিক কাজে নিয়োজিত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।
ইন্ডিয়া টুডে জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুক্রবার এই কারখানা পরিদর্শন করেন এবং জনগণকে আশ্বস্ত করেন কোভিশিল্ড ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি।
এই ঘটনায় ষড়যন্ত্র বা এফআইআরের প্রশ্নের জবাবে ঠাকরে বলেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।