৩০ শতাংশ ঝুঁকি ভাতা দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত পতাকা র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, করোনাকালে ওভারটাইম না থাকা এবং অন্যান্য কারণে পোশাকশ্রমিকদের মাসিক আয় কমে গেছে। কিন্তু দ্রব্যমূল্য, ঘর ভাড়া ইত্যাদি অনেক বেড়ে গেছে। ফলে পোশাকশ্রমিকদের বর্তমানে খরচ আগের তুলনায় অনেক বেশি অথচ আয় অনেক কম। অন্যদিকে পোশাকশ্রমিকরা বর্তমানে কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে।
তিনি আরও বলেন, অনেক জায়গায় শ্রমিকরা চাকরির ঝুঁকিতেও রয়েছেন। সব সময় তারা ওভারটাইমের ওপর নির্ভর করেন। মূলত ওভারটাইমের ওপর নির্ভর করেই তারা পরিবার-পরিজন নিয়ে দিন যাপন করতে পারেন। এই অসহনীয় অবস্থায় পোশাকশ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সহসভাপতি ফারুক খান, সহসভাপতি সাফিয়া পারভিন, সহসভাপতি কবির হোসেন প্রমুখ।