খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ: আইজিপি

খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ বলে উল্লেখ করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন- খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে, যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট কমান্ডারদের নির্দেশনা প্রদান করেন।

শনিবার উত্তরা এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২০ (আইজিপি কাপ) এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

ম্যাচে ডিএমপিকে ২০ রানে হারিয়ে এপিবিএন দল জয় লাভ করে। টসে জিতে ব্যাট করতে নেমে এপিবিএন দল সব উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ডিএমপি দল ১৪১ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১২০ রানে অলআউট হয়।

এপিবিএনের আব্দুস সালাম সোহাগ ম্যান অব দি টুর্নামেন্ট এবং মো. ইব্রাহিম ম্যান অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে।

আইজিপি ড. বেনজীর আহমেদ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আইজিপি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে ক্রিকেট পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। পুলিশের এক‌টি টিম গঠনের মধ্য দিয়ে পুলিশ ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।

আইজিপি বলেন, একজন পুলিশ সদস্যকে আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সকল গুণাবলি অর্জন করতে হবে। কর্তব্যে ও আচরণে ভালো মানুষের গুণাবলি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগন, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানেরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান চ্যাম্পিয়ন ও রানার আপ দল এবং অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ২২টি দল পুলিশ ক্রিকেট লীগে অংশ গ্রহণ করে।