বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারাতে ঘাম ঝড়াতে হয়েছে দলটিকে।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে আবাহনী। আকাশি-নীলদের স্বস্তির জয় এনে দিয়েছেন জুয়েল রানা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলকে জয় এনে দেওয়া গোল করেন তিনি।
জুয়েল গোলটি করেছেন ৭৯তম মিনিটে। রায়হান হাসানের লম্বা থ্রো ইনে বেলফোর্ট ব্যাক হেড করার পর ডি-বক্সের ভেতর থেকে বদলি নামা জুয়েল হেডেই জাল খুঁজে নেন। চলতি লিগে এটা তার প্রথম গোল।
আগের দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল আবাহনী।
অন্যদিকে টানা দুই ম্যাচ হারল রহমতগঞ্জ। সাইফ স্পোর্টিংকে ড্রয়ে রুখে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছিল সৈয়দ গোলাম জিলানীর দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বসুন্ধরার সঙ্গে যুগ্মভাবেই শীর্ষে রইল আবাহনী।
৩ ম্যাচে দুই হার ও এক ড্রতে মাত্র ১ পয়েন্ট রহমতগঞ্জের।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়ে লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।