নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, প্রার্থী খুন হচ্ছে। এমন নির্বাচন আমরা চাই না। আমরা চাই মানুষ যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পারে।
বাবলু বলেন, সরকারি দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে। এই অশনিসংকেত ভালো নয়, এতে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। সরকারি দলের এক সংসদ সদস্য তাদের এক শীর্ষ নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলেছেন। এক শীর্ষ নেতার পৌর নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে এসেছে এই বিরোধ। তারা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে, জনগণের স্বার্থ নিয়ে ভাবার সময় নেই তাদের। অবস্থা এমন হয়েছে যে, বিরোধী দলের আর কিছুই বলতে হচ্ছে না, নিজেরাই নিজেদের অপকর্ম প্রকাশ্যে তুলে ধরছেন।
তিনি আরও বলেন, দেশে ভ্যাকসিন এসেছে- এটা আনন্দের খবর। কিন্তু ভ্যাকসিন নিয়ে সরকারের কোনো রোডম্যাপ নেই, কোনো নীতিমালা নেই। দেশের মানুষ জানতে চায় কারা প্রথম ভ্যাকসিন পাবে, কীভাবে দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। কারণ, ভ্যাকসিন পাওয়া আমাদের জন্মগত এবং সাংবিধানিক অধিকার। তাই প্রত্যেককে ভ্যাকসিন দিতে সরকার বাধ্য। তাছাড়া দেশের মানুষ যতটা উন্নয়ন চায়, তার চেয়ে বেশি সুশাসন চায়। পদ্মা ব্রিজ আর ফ্লাইওভারের আগে সুশাসন চায় মানুষ। সুশাসন নিশ্চিত না হলে ওই ব্রিজ দিয়ে ১০টি হোন্ডায় ২০টি গুন্ডা দ্রুত সময়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে।
জাতীয় তরুণ পার্টির মহানগর উত্তরের আহ্বায়ক কে এম সুজনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির প্রমুখ।