হানিফ ফ্লাইওভারে বাসচাপায় নিহত ২

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। তারা হলেন আকতার হোসেন (৩৫) এবং মফিজুল ইসলাম (৪০)। মফিজুল কমিউনিটি পুলিশের সদস্য বলে জানা গেছে। 

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পথচারী মো. মিনহাজ মজুমদার জানান, ওয়ারীর জয় কালী মন্দিরসংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর একটি বাস প্রথমে মোটরসাইকেলটিকে ও পরে কমিউনিটি পুলিশকেও চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আক্তার হোসেনের স্ত্রী ঢাকা মেডিকেলের ক্যানসার বহির্বিভাগের নার্সিং ইনচার্জ  ফরিদা পারভিন জানান, তাদের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। আকতারের বাবা মৃত আবদুর রউফ মিয়া। দুই ছেলেসহ পরিবার নিয়ে আজিমপুর সরকারি কোয়ার্টার ৮৪/জে বাসায় থাকেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেলে ল্যাব ইনচার্জ হিসেবে চাকরি করতেন আকতার। বিকেলে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল খান বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।