পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, অদূরভবিষ্যতে বাংলাদেশ পুলিশের সদস্যরা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবেন। গতকাল শনিবার বিকেলে আর্মড পুলিশ বাংলাদেশ মাঠে ‘পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২০ আইজিপি কাপ’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে ক্রিকেট পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। পুলিশের একটি টিম গঠনের মধ্য দিয়ে পুলিশ ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পুলিশপ্রধান বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে, যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক। এ সময় তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট কমান্ডারদের নির্দেশনা প্রদান করেন। বেনজীর আহমেদ আরও বলেন, একজন পুলিশ সদস্যকে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সব গুণাবলি অর্জন করতে হবে। কর্তব্যে ও আচরণে ভালো মানুষের গুণাবলি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে বাংলাদেশ পুলিশ ক্রিকেটে এপিবিএন দল ২০ রানে ডিএমপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০ ওভারের টুর্নামেন্টে টসে জিতে ব্যাট করতে নেমে এপিবিএন সব উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২০ রানে গুটিয়ে যায় ডিএমপি দল। এপিবিএনের আব্দুস সালাম সোহাগ ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং মো. ইব্রাহিম ম্যান অব দ্য ফাইনাল হন।