রাজশাহী সরকারি কলেজের এক শিক্ষার্থী খুন হয়েছেন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাফিউল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। শাফিউল রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন বলে মোহনপুর থানা-পুলিশ জানিয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রবিবার সকালে বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শনিবার রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আবদুল বারী (৩৫) নামে এলাকার এক ব্যক্তি। এরপর তিনি আর ফেরেননি। জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল বারীকে আটক করা হয়েছে।
নিহত শাফিউলের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। পলিথিন দিয়ে তার মাথা প্যাঁচানো ছিল। গলায় প্যাঁচানো ছিল রশি। অন্য কোথাও হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা তারা তদন্ত করে দেখছেন। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।