সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ধর্ষণের ঘটনায় একজন আসামিকে আটক করার পাশাপাশি দুটি মামলা দায়ের করা হয়েছে।
একটি ঘটনায় দশ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোশারফ হোসেন (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রবিবার জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত বৃদ্ধ পটুয়াখালীর মওকরন গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ী মো. জাফরের মেয়ে জালকুড়ির একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ওই এলাকায় ভাড়া বাসার সামনে ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খেলাধুলা করছিল তার মেয়ে। অভিযুক্ত মোশারফ হোসেন নুডলস রান্না করার কথা বলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম (পিপিএম) জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরেক ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সজীব জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ি শান্তিনগর বউ-বাজার এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদী সজীব ও ভুক্তভোগী ছাত্রী উভয়েই পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। সেই সুবাদে সজীব ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে সাড়া দেয়নি। সুযোগ বুঝে গত ১৮ জানুয়ারি দুপুরে কথা আছে বলে মেয়েটিকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজীব। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।