চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভোটের দিন চট্টগ্রাম মহানগরীতে সাধারণ ছুটি ঘোষণা না করার প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেছেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি না হতে পারে সে জন্য পরিকল্পিতভাবে সরকারি ছুটি দেওয়া হয়নি।
রবিবার বিকেলে নগরীর উত্তর পতেঙ্গা, দেওয়ান বাজার ও বক্সিরহাট ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম শিল্প ও ব্যবসাবান্ধব নগরী, এখানে হাজার হাজার কলকারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করছে। ভোটের দিন ভোটাররা তাদের কর্মস্থলে না গিয়ে ভোটকেন্দ্রে কীভাবে যাবে? ছুটি না দেওয়ায় ভোটার উপস্থিতি কমে যাবে। এ সুযোগে সরকারি দল তাদের প্রার্থীকে বিজয়ী করতে নগরীতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালাবে।
তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্ট হাউজগুলোতে চট্টগ্রামের আশপাশের এলাকার বহিরাগতরা অবস্থান করছে। এমনিতে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে যে কোন নির্বাচনে ভোটারদের আস্থা নেই। ভোটাররা কেন্দ্র বিমুখ হয়ে পড়ছে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সাধারণ ছুটি ঘোষণাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন। সেখানে সাধারণ ছুটি ঘোষণা না করে সরকার ভোটারদের কেন্দ্রবিমুখ করার জন্য ষড়যন্ত্র করছে।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, গাজী সিরাজ উল্লাহ, বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর প্রাথী অ্যাডভোকেট তারিক আহমেদ, বিএনপি নেতা এম এ হাসেম রাজু প্রমুখ।