দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী প্রবেশ

তাইওয়ান নিয়ে ওয়াশিংটন ও পেইচিংয়ের মধ্যকার উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর। ইউএসএস থিওডোর রুজভেল্ট নামের রণতরীর নেতৃত্বে এ নৌবহরটি সাগরে প্রবেশ করেছে। গত রবিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।

গত শনিবার চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুপ্রবেশ করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন অভিযোগের পরই অঞ্চলটির ওপর চাপ প্রয়োগ থামাতে পেইচিংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, আমরা পেইচিংকে তাইওয়ানের বিরুদ্ধে তার সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বন্ধের আহ্বান জানাই। চাপ প্রয়োগের বদলে পেইচিংকে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবহর প্রবেশ করল।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এই নৌবহর প্রবেশ করেছে। এই নৌবহর সাগরের স্বাধীনতার পক্ষে প্রচার চালাবে।