সেই মিম নিয়ে পোশাক বিক্রি করছেন বার্নি স্যান্ডার্স নিজেই!

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে চেয়ারে বসে থাকতে যায় বর্ষীয়ান সিনেটর বার্নি স্যান্ডার্সকে। জ্যাকেট, উলের হাতমোজা এবং নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরিহিত বার্নি ধরা পড়েন ফটোগ্রাফারের ক্যামেরায়।

একেবারেই সাধারণ সেই দৃশ্য ইন্টারনেটে মিম আকারে ভাইরাল হয়ে যায়। 

যে কোনো জায়গা, ভবন ও সিনেমার ছবিতে জুড়ে দেওয়া হচ্ছে বার্নির সেই বসে থাকার দৃশ্য, বাদ দেওয়া হয়নি মহাশূন্যও।

নিউইয়র্ক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী একটি ওয়েবসাইটই খুলেছে, যাতে পৃথিবীর যেকোনো প্রান্তে বার্নির এই ছবিটি জুড়ে দেয়া যায়।

বিজনেস ইনসাইডার জানায়, সেই ছবি দিয়ে এবার সোয়েট শার্ট বানিয়ে বিক্রি করছেন ভারমন্টের সিনেটর নিজেই। বার্নির ওয়েবসাইটে সেই শার্টের ছবি পোস্ট করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৪৫ ডলার।

প্রথম দফায় সবগুলো শার্ট বিক্রয় হয়ে গেলে শুক্রবারই আবার রিস্টক করা হয়। এবার বিভিন্ন সাইজ অনুসারে এ শার্ট পাওয়া যাচ্ছে, সাইজ স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত।

তবে সোয়েট শার্টটির পরিমাণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি বার্নির একজন মুখপাত্র। তবে এত বেশি চাহিদা যে, সোয়েট শার্টগুলো পৌঁছাতে তিন থেকে ছয় সপ্তাহের মতো সময় লেগে যাবে।

ওয়েবসাইটে পণ্য সম্পর্কে বলা হয়, সোয়েট শার্ট বিক্রির লাভের শতভাগই মিলস অন হুইলস ভারমন্ট নামে একটি সংস্থার দাতব্য কাজে ব্যয় করা হবে।