সাতক্ষীরা মেডিকেলের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার হয়েছে। নবজাতকটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা বলেন, গতকাল রবিবার সকালে হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে নবজাতকের কান্না শুনতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত সেবিকারা শিশুটিকে চিনতে পারেন। সম্প্রতি পাঁচ দিনের নবজাতকটিকে (ছেলে) তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটির নাম না দিলেও নিজের নাম দেয় হীরা (৩০), ঠিকানা দেয় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। গতকাল রাতে ওই মা হাসপাতাল ত্যাগ করার সময় ডাস্টবিনে শিশুটিকে ফেলে দেয়।

তত্ত্বাবধায়ক জানান, নবজাতকটি প্রিম্যাচিউরড। তবে বর্তমানে শিশুটি হাসপাতালে ভালো আছে। নবজাতকটি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও সদর থানাকে অবগত করা হয়েছে।