রিয়াল-বার্সার জয়

টানা তিন ম্যাচ জয়হীন কেটেছে রিয়াল মাদ্রিদের। এর মধ্যে দুটিতে হারায় সুপার কাপ আর কোপা দেল রে থেকে বিদায় নিতে হয়েছে। জোর এই ধাক্কা কাটিয়ে করিম বেনজেমার দুগোলে লা লিগায় দারুণ এক জয় পেয়েছে চ্যাম্পিয়নরা। শনিবার আলাভেসের মাঠে ৪-১ গোলে স্বাগতিকদের হারিয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট তুলে তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। এদিকে গতকাল বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে এলচেকে। তাতে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে তিনে উঠে এসেছে বার্সা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ডি ইয়ং। নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে ডি ইয়ংয়ের পাস থেকে ব্যবধান বাড়ান পেদ্রির বদলি নামা রিকি পুইগ।

কঠিন সময়ে আরও একবার বেরিয়ে এলো রিয়াল মাদ্রিদের সেরাটা। কোচ জিনেদিন জিদান করোনা আক্রান্ত। অধিনায়ক সার্জিও রামোস হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে। এমন অবস্থায় জয়ের জন্য মরিয়া রিয়াল শনিবার শুরু থেকেই চাপে রাখে প্রতিপক্ষকে। যার ফল, লিগে ১১ ম্যাচ পর পেয়েছে চার গোল করার স্বাদ। এর আগে আলাভেসের কাছে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল।

ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল পান হ্যাজার্ড। গত অক্টোবরের পর লা লিগায় এটা তার প্রথম গোল। ৫৯ মিনিটে হোসেলুর ব্যবধান কমান। ৭০ মিনিটে লুকা মদ্রিচের থেকে পাওয়া বলে দ্বিতীয় গোল করেন বেনজেমা। চলতি লিগে এই ফরাসির গোল সংখ্যা দাঁড়াল ১০। ম্যাচ শেষে বলেছেন, ‘আমাদের জন্য কঠিন একটি সপ্তাহ গেল। আমাদের সব সময় শীর্ষে থাকার চাপটা থাকে। আজ সবকিছু ঠিক ছিল, শুধু আমার জন্য নয় সবার জন্যই।’

গতবার লিগের মাঝামাঝিতে (১৯তম রাউন্ড) ৪০ পয়েন্ট নিয়েই দ্বিতীয় স্থানে ছিল রিয়াল। সমান পয়েন্টে গোলগড়ে এগিয়ে ছিল বার্সেলোনা। পরের ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে লিগ শিরোপা জেতে রিয়াল। ইন্টারনেট।