রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টিকা আগে নিলে অসুবিধা কোথায় : রিজভী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করোনাভাইরাসের টিকা আগে নিলে অসুবিধা কোথায় এমন প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘টিকা নিয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে।’ গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘ভারতে টিকা দিয়ে অনেকে মারা গেছে। ভারত থেকে বাংলাদেশে ২০ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। এজন্য আমরা বলেছিলাম, টিকার নিরাপত্তা প্রমাণের জন্য ক্ষমতাসীনদের আগে টিকা গ্রহণ করা উচিত। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সবার আগে টিকা নিয়েছিলেন। ডাক্তার ফাউচিও আগে নিয়েছিলেন। তাতে করে টিকার প্রতি মার্কিনিদের আস্থা ফিরেছে, ভীতি দূর হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টিকা আগে নিলে অসুবিধা কোথায়? তারা আগে টিকা নিলে এ ভ্যাকসিনের ওপর জনগণের আস্থা বাড়বে।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির  একাধিক সদস্য।