কমলাপুরে তৈরি পোশাক কারখানার গুদামে আগুন

রাজধানীর কমলাপুরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকান্ড হয়েছে। আগুনে পোশাক রাখার একটি গোডাউনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকালে এই অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনালের পাশে সাততলা ভবনে রয়েছে অলি গার্মেন্টস। ছয়তলায় রয়েছে এটির একটি গোডাউন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ১১টায় আগুন নিভায়। এর আগে সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ছয়তলা থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পরই আগুনের ফুলকি বেরিয়ে আসে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।