ক্র্যাবের সাধারণ সম্পাদককে বন্দর প্রেস ক্লাবের সংবর্ধনা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদক আলাউদ্দিন আরিফকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেস ক্লাব। গত শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের নবনির্মিত ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আলাউদ্দিন আরিফ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন পেশাদার সংবাদকর্মীরা।’ প্রেস ক্লাবের সব সদস্যের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান, অ্যাডভোকেট শাহ আলী পিন্টু খান, সহসভাপতি কবির হোসেন, সদস্য মাহফুজুল আলম জাহিদ। অন্যদের মধ্যে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, মেহেবুব মিয়া, নুরুজ্জামান মোল্লাসহ সব সদস্য উপস্থিত ছিলেন।